নীল নকশার নির্বাচন প্রতিরোধের আহবান
দেশ ও গণতন্ত্র বাঁচাতে যে কোনো মূল্যে ২২ জানয়ারির নীল নকশার নির্বাচন প্রতিরোধের আহবান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।
নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরে মহাঐক্যজোট আয়োজিত ঈদ পুণর্মিলনী ও সমাবেশে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি-জামাত সরকার গত পাঁচ বছরে লুটপাটসহ, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বিচারালয়, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে।
তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের সীমাহীন দুর্নীতির জবাব দেবে জেনে তারা প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে মহাজোট যে কোনো মূল্যে নীল নকশার নির্বাচন প্রতিহত করবে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. হানিফের সভাপতিত্বে সমাবেশে জোট নেতারা বক্তব্য রাখেন।
