শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, পঞ্চগড়ে ৮ জনের মৃত্যু
দেশজুড়ে শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বুধবারের চেয়ে তাপমাত্রা মাত্র দশমিক পাঁচ কম হলেও সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। উত্তরের জেলা পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় শীতজনিত বিভিন্ন রোগে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্য জেলাগুলো থেকেও শীতে লোকজনের কাবু হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদদের মতে, শৈত্যপ্রবাহের কারণ হলো সর্বনিু ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে যাওয়া।
বুধবার ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। ঢাকায় বৃহস্পতিবার সর্বনিু সাড়ে ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের ডিউটি ফোরকাস্টিং অফিসার বলছেন, দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারে একটি শৈত্যপ্রবাহ যা আরও দুয়েকদিন থাকবে। এ শৈত্যপ্রবাহে ঢাকার সঙ্গী হয়েছে রাজশাহী, সিলেট, উত্তরের জেলাগুলো এবং চট্টগ্রামের উত্তরাঞ্চল। এ ছাড়া ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গ্ইাল, ফরিদপুর ও মাদারীপুরেও তীব্র শীত অনুভুত হয়।
বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত দেশের সর্বনিু তাপমাত্রা ছিল দক্ষিণ বাংলার যশোর ও চুয়াডাঙ্গায়। এ দুটো জেলাতেই তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এই মৌসুমে এটাই আবহাওয়া অফিসে রেকর্ডকৃত সর্বনিু তাপমাত্রা।
পঞ্চগড়ে ঘন কুয়াশা আর তীব্র শৈত্য প্রবাহ অব্যাহত ছিল। এতে স্বাভাবিক জীবনযাত্রাও স্থবির হয়ে পড়ে। শীত ও শীতজনিত রোগে গত ২৪ ঘন্টায় দুজন শিশুসহ আরও আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এরা হলেন, তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বাবুরামজোত গ্রামের সওদাগর (৬০), সরকার পাড়া গ্রামে রাজুর বৃদ্ধ মা (৬০), আবদুর রহমান (৬০), পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাইকানীপাড়া গ্রামের সোলেমান (৬০), খপড়াবান্ধি এলাকার মালেক (৬৫), শেখের হাট বামনপাড়ার জয়নুল হকের শিশু সন্তান, রেল স্টেশন এলাকার এক ভাড়াটে মহিলা, পঞ্চগড় শহরের খালপাড়া এলকার এক শিশু।
তবে শীতে মারা যাওয়ার কোন রিপোর্ট পাননি বলে জানান পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম বদরুজ্জামান। তিনি বলেন, তীব্র শীতে বয়স্কদের হাঁপানি, ব্রংকাইটিসসহ বাতজাতীয় বিভিন্ন শীতজনিত রোগ বেড়ে যাওয়ার কারণে অনেকের মৃত্যু হতে পারে। এ ব্যাপারে মাঠকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া অসচেতনতার জন্য অনেক নবজাতক শিশুরও মারা গিয়ে থাকতে পারে।
জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিন জানান, শীত ও শীতজনিত রোগে কারও মারা যাওয়ার তথ্য তাদের কাছে নেই।
তেঁতুলিয়ার উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ও বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের চেয়ারম্যান মো, লুৎফর রহমান জানিয়েছেন, শীত ও শীতজনিত রোগে অনেকে মারা গেছেন।
তারা আরও জানান, সরকারিভাবে মাত্র ৬৩ টি কম্বল পাওয়া গেছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রতিদিন অসংখ্য দরিদ্র মানুষ কম্বলের জন্য ইউনিয়ন পরিষদ অফিসে ভিড় করছে।
