২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকটের জন্য তেল কোম্পানিগুলোই দায়ী

দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের জন্য তেল কোম্পানিগুলোকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

তেল পরিবেশক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুর রহমানের সভাপতিত্বে বুধবার এক সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, কোরবানির ঈদসহ টানা পাঁচ দিনের ছুটির বিষয়টি তেল কোম্পানিগুলোকে জানানো হলেও তারা তেল সরবরাহে কোন পদক্ষেপ নেয়নি। অথচ ছুটি শেষে বৃহস্পতিবারে (২৮ ডিসেম্বর) পর্যাপ্ত সরবরাহের কথা থাকলেও এজেন্টদের চাহিদার মাত্র ৩০ ভাগ সরবরাহ করা হয়েছে বলে তানা জানান।

বক্তারা জানান, ডিপো কর্তৃপক্ষ ইচ্ছেমতো রেশনিং পদ্ধতিতে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করায় অধিকাংশ পেট্রোল পাম্প তেল শুন্য হয়ে পড়ে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ঈদের দীর্ঘ ছুটির কারণে কোনরকম প্রস্তুতি গ্রহণ করেনি। এ অবস্থায় পেট্রোল পাম্প মালিক ও এজেন্টদের ওপর একতরফা দোষ দিয়ে জ্বালানি খাতকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ডিজেলের তীব্র সংকটের কারণে সেচের অভাবে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অথচ ডিপোগুলোতে কোন তেল মজুদ নেই। একই কারণে কোরবানির পশুর চামড়া পরিবহনে চরম ভোগান্তির শিকার হয়েছেন চামড়া ব্যবসায়ীরা।

আগামী দুই সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের সংকট নিরসনের পদক্ষেপ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে ছুটির শেষে বুধবার সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে পুনরায় তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

এ বিষয়ে জ্বালানি তেল পরিবেশক সমিতির প্রেস সচিব ইকবাল আজিজ বিজু নফহবংি২৪.পড়স কে জানান, বিপিসি চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করেছে। পেট্রোলের ঘাটতি না থাকলেও অকটেন ও ডিজেলের চাহিদার ২০ ভাগও সরবরাহ করা হয়নি।

তিনি বলেন, “বিতর্কিত কিছু কর্মকর্তা টাকার বিনিময়ে এ কৃত্রিম সংকট তৈরি করেছে। প্রত্যক্ষ সাক্ষী রয়েছে আমাদের। সরকারও এদের চেনেন।” 

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নফহবংি২৪.পড়স কে বলেন, “তেল নিয়ে কোনো রকম লুকোচুরি না করে এই সংকটের জন্য যারা দায়ি তাদেরকে অপসারণ করতে হবে।”

এদিকে সরকার দ্রুত সংকট নিরসনের পদক্ষেপ না নিলে আগামী ৭ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘট পালন করবেন বলে হুমকি দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা।