প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সংকট নিরসন করতে চায় পরিষদ
মহাজোটের বর্জনের ঘোষণায় উদ্বিগ্ন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা মনে করছেন সংকট সমাধানের সময় এখনও ফুরিয়ে যায়নি। এ জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। (আরও তথ্যসহ)।
বুধবার রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক রয়েছে। ওই বৈঠকে মহাজোটের নির্বাচন বর্জন ও উদ্ভুত পরিস্থিতি নিয়েই আলোচনা হওয়ার কথা বলে নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় ।
উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেন, সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে আইন শৃঙ্খলা কমিটির একটি নির্ধারিত বৈঠক রয়েছে। এরপর হয়তো ১০ উপদেষ্টাকে নিয়ে একটি বৈঠক হতে পারে বলে ধারনা করছেন তিনি। তবে এখনও এ বিষয়ে বঙ্গভবন থেকে ডাক পাননি বলে জানান তিনি।
বুধবার বিকেলে সচিবালয়ে উপদেষ্টা মাহবুবুল আলম ও এম আজিজুল হক সাংবাদিকদের কাছে বলেন, সংকট সমাধানের প্রক্রিয়া নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন।
নির্বাচনের তফসিল পরিবর্তন করা হবে কিনা এই প্রশ্নের জবাবে তারা বলেন, এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান এ দুই উপদেষ্টা। তারা বলেন, বৈঠক অয়োজনের জন্য বঙ্গভবনকে জানানো হয়েছে। তবে এখনও বঙ্গভবন থেকে কিছু বলা হয়নি।
২২ জানুয়ারি একদলীয় নির্বাচন হবে কিনা এ প্রশ্নের জবাবে মাহবুবুল আলম এবং এম আজিজুল হক বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে উপদেষ্টারা এখনও আশাবাদী। সমস্যা থেকে উত্তরণের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
অন্যদিকে, অর্থ উপদেষ্টা শোয়েব আহমেদ বর্তমান সংকটকে “জটিল ও জাতীয় সমস্যা” হিসাবে দাবি করে বলেছেন সবার সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমেই এর সমাধান হতে পারে।
তিনি বলেন, “মহাজোটের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান উপদেষ্টা পরিষদের বৈঠকে ঠিক করা হবে। আমরা সবাই সমস্যা সমাধানের চেষ্টা করবো।”
উপদেষ্টা সফিকুল হক চৌধুরীও বলেছেন, সংকট সমাধানে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বর্তমান অসুখের ওষুধ কী এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, “ডাক্তার তো আমি একা নই। আমাদের ওপরে প্রধান উপদেষ্টা আছেন।”
নির্বাচন সংক্রান্ত বড় সমস্যাগুলো সমাধান করা হয়েছে দাবি করে তিনি বলেন, “বাকিগুলো নিয়েও আলোচনা হতে পারে, তবে ভোটার তালিকার বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত।”
নির্বাচনের নতুন তফসিলের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার পর ঠিক করা হবে বলে তিনি জানান।
ধীরাজ কুমার নাথ জানান, বঙ্গভবনে যে কোনো জরুরি বৈঠকে যোগ দিতে ১০ উপদেষ্টা তৈরি আছেন।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “নিজেদের মধ্যে আলোচনার আগে এই মুহূর্তে আমাদের করণীয় এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না।”
তিনি বলেন, “মহাজোট এ রকম সিদ্ধান্ত নেবে ভাবিনি।”
সংকট থেকে উত্তরণের পথ এখনও খোলা আছে মন্তব্য করে তিনি বলেন, “আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।”
উপদেষ্টাদের প্যাকেজ প্রস্তাবের আংশিক বাস্তবায়ন হয়নি উল্লেখ করে ধীরাজ কুমার নাথ বলেন, “মহাজোটের মনোনয়নপত্র দাখিলের পর ভেবেছিলাম তারা হয়তো সবকিছু মেনে নিয়েছে। কিন্তু এখন এ বিষয়ে নতুন করে ভাবতে হবে।”
নতুন তফসিলের বিষয়ে কিছু ভাবা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সম্পর্কে সিদ্ধান্ত হবে।”
এরশাদের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের এ ব্যাপারে কিছু করণীয় নেই। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত।”
