২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে না যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন জলিল

আসন্ন সংসদ নির্বাচনে মহাজোটের অংশ না নেয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 01:39 AM

Updated : 26 Apr 2022, 01:55 PM

গুলশানে নিজের বাসায় মঙ্গলবার রাতে জাতীয় পার্টি, এলডিপিসহ ১৪ দলভুক্ত বাম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে পৌনে ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্দলীয় নন। ভোটার তালিকা নির্ভুল হয়নি। পুনর্গঠন করা হয়নি নির্বাচন কমিশনও। এ অবস্থায় মহাজোটের পক্ষে কি নির্বাচনে যাওয়া সম্ভব?”

জলিল বলেন, বুধবার বেলা ১১টায় হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা নির্বাচন নিয়ে মহাজোটের চূড়ান্ত অবস্থান জানাবেন। এর আগে মহাজোট নেতারা বুধবার সকালে আরো একদফা বৈঠকে বসবেন।

মঙ্গলবার রাত ৯টায় শুরু হওয়া এই বৈঠকে আওয়ামী লীগের আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্যাহ, জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ, রুহুল আমীন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, এলডিপির আব্দুল মান্নান, আলমগীর কবীর, ১১ দলের রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু প্রমুখ উপস্থিত ছিলেন।