তেল সংকটের ঘটনায় তদন্ত কমিটি গঠিত
টানা পাঁচদিন ডিপোগুলো থেকে সরবরাহ বন্ধ থাকায় জ্বালানি তেলের সংকটের ঘটনায় একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী সচিবালয়ে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
উপদেষ্টা তেল সংকটের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে জ্বালানি তেলের সংকট সৃষ্টির খবর গণমাধ্যমে প্রকাশের পর দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জ্বালানি বিভাগের যুগ্মসচিব (প্রশাসন ও অপারেশন) মোহাম্মদ আলাউদ্দিন এবং উপসচিব (অপারেশন) সিদ্দিক জোবায়েরের সমন্বয়ে গঠিত এই কমিটির সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
তিনি বলেন, এই প্রতিবেদনের ভিত্তিতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
দেশে বর্তমানে জ্বালানি তেলের কোন সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, “জ্বালানি তেল সংকটের বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদগুলো আমি দেখেছি। কেন এই সংকট সৃষ্টি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।”
