২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের নির্বাচনে অংশ নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

মহাজোট নির্বাচনে অংশ নেবে কিনা সে ব্যাপারে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন জোট নেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2007, 10:51 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সুধাসদনে সোমবার রাতে শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চল্লিশ মিনিটের বৈঠক শেষে পার্টির সভাপতি মন্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলন করে তিনি এই সিদ্ধান্ত জানাবেন।

সাবেক মন্ত্রী তিনি বলেন, মঙ্গলবার জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বলেন, মঙ্গলবার প্রথমে দলের সভাপতি মন্ডলীর বৈঠক হবে। তারপর ১৪ দলের এবং সবশেষে জোটের অন্যান্য শরিকদলের সঙ্গে আলোচনার পর বুধবার শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

জাতীয় পার্টি প্রধানের প্রার্থিতা বাতিল হওয়ার প্রেক্ষপটে তারা এই আলোচনায় বসেন। সাবেক রাষ্ট্রপতির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি আপিলই রোববার নাকচ করে দেয় নির্বাচন কমিশন।

বৈঠকে কাজী জাফর আহমেদ ও জিয়াউদ্দিন বাবলু উপস্থিত ছিলেন।