২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলা ও ভাংচুর, সমন্বিত

বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের বিক্ষোভ ও বিদ্যুৎ কার্যালয়ে হামলা শনিবারও অব্যাহত ছিলো। এর মধ্যে একটানা তিন দিন বিদ্যুৎ না থাকায় চাঁদপুরের পুরানবাজারে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, খুলনায় মুসল্লিদের বিক্ষোভ এবং গাইবান্ধার সাদুল্যাপুরে বিক্ষুব্ধ গ্রাহকরা পল্লীবিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের পুরানবাজার বৌবাজার এলাকায় টানা তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা শনিবার লাঠিশোঠা নিয়ে বিক্ষোভ মিছিল করে। তারা জেলার প্রধান বিদ্যুৎ কার্যালয়েও হামলা চালায়।

ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় ওই এলাকায় একটানা তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ কার্যালয় ঘেরাওয়ের সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিদ্যুৎ কর্মকর্তারা শনিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর প্রতিশ্র“তি দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়।

এ ব্যাপারে চাঁদপুর সদর থানার এএসআই রহমান বলেন, পুরানবাজারের বউবাজার থেকে প্রায় দেড়শো লোক মিছিল করে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করতে গেলে অপ্রীতিকর ঘটনার আশংকায় আমরা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেই।

পুরানবাজার বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের দেলোয়ার জানান, ট্রান্সফরমার বিকল হয়ে পড়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা ট্রান্সফরমার মেরামতের কাজ চালিয়ে যাচ্ছি। শনিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে শুক্রবার তারাবির নামাজের পর মুসল্লিরা রাস্তায় নেমে মিছিল ও স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

সূত্র জানায়, নগরীর পাওয়ার হাউজ মোড়ের ওজোবাডিকোর বিবিবি--১ কার্যালয়ের সামনে মুসল্লিরা শুক্রবার রাতে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শনিবার বিক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় পল্লীবিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা কার্যালয় ভাংচুর ও উপস্থিত কর্মকর্তা--কর্মচারিদের মারধোর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।