২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া বিহারিদের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়া নিয়ে হতাশা বাড়ছে

বাংলাদেশে আটকে পড়া হাজার হাজার উর্দুভাষী বিহারি নিজেদের পাকিস্তানি হিসেবেই দাবি করে থাকে। পাকিস্তানে পুর্নবাসনের ব্যাপারে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রায় কিছুই করা হয়নি। এর ফলে তাদের মধ্যে হতাশা বেড়েই চলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিহারিদের সংগঠন আটকে পড়া পাকিস্তানি সাধারণ পুনর্বাসন কমিটির নেতারা শুক্রবার বিডিনিউজ২৪ডটকমকে জানান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের মেয়াদ আগামী মাসে শেষ হয়ে যাওয়ায় তাদের হতাশার মাত্রা আরও বেড়েছে।

‘প্রকৃতপক্ষে এ সরকারের আমলে আমরা কোনও আশার আলো দেখছি না।’ কমিটির এক মুখপাত্র হারুন-অর-রশিদ বলেন, ‘তারপরও আমরা আরও ভালো কিছুর আশায় আছি।’

আগামী ডিসেম্বরে ঢাকায় আটকে পড়া বিহারিদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ওই সময় তাদের বিস্তারিত কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

হারুন-অর-রশিদ বলেন, এর আগে যদি কিছু না হয় তবে আমরা কঠোর আন্দোলন শুরু করব। ক্ষমতায় কে এলো তাতে আমাদের কিছু যায় আসে না।

১৯৪৭ সালে দেশবিভাগের মধ্য দিয়ে ভারতে দুই শত বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। দেশবিভাগের পর প্রায় ৫ লাখ উর্দু ভাষাভাষী মুসলমান তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে পালিয়ে আসে।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় থেকে এসব বিহারিরা আটকা পড়ে আছে। ১৯৯৩ সাল পর্যন্ত পাকিস্তান প্রায় আড়াই লাখ বিহারিকে সেখানে পুনর্বসানের ব্যবস্থা করে। পরবর্তীতে ইসলামাবাদ কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া মাঝপথে থামিয়ে দেওয়ায় বাকি বিহারিরা এখনও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছে।

বর্তমানে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ৬৪ টি ক্যাম্পে গাঁদাগাদি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তাদের মধ্যে বেকারত্বের হারও খুব বেশি।

এ বছরের শুরুতে বাংলাদেশে অবস্থানরত বিহারিরা রাজপথে বেশকিছু কর্মসূচি পালন করে। সেসব কর্মসূচি চলার সময় পুলিশের সাথে সংঘর্ষের ফলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। সরকার, পাকিস্তানি কর্তৃপক্ষ এবং বিহারিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে তাদের দাবির ব্যাপারে সাড়া না পেয়ে তারা শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার কর্মসূচিও ঘোষণা করেছিল।

পরবর্তীতে সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  মধ্যস্থতায় বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করার ব্যাপারে তাদের প্রতিশ্র“তি দেওয়া হয়। সেই প্র“তিশ্র“তির বাস্তবায়ন এখনও হয়নি।

চলতি মাসের শুরুতে পুনর্বাসন আবার শুরু করার জন্য বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের কাছে আটকে পড়া বিহারিরা একটি স্মারকলিপি প্রদান করে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

তবে এ ব্যাপারে হাইকমিশনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি কিছু জানাতে চাননি।

এছাড়া আটকে পড়া পাকিস্তানি সাধারণ পুনর্বাসন কমিটির নেতারা এ মাসের শুরুর দিকে এ ব্যাপারে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন।

পুনর্বাসন কমিটির নেতারা সোমবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের অনুমতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগেই তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আবেদন জানিয়েছেন।

হারুন-অর-রশিদ বলেন, আমাদের দুর্দশার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য আমরা তার  সাথে কথা বলতে চাই।

এদিকে বেশির ভাগ বিহারি যখন পাকিস্তানে ফিরে যেতে চাচ্ছেন, তখন তাদের ছোট একটি অংশ বাংলাদেশে থেকে যেতে চায়।

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা ব্যবসায়ী রুহুল আমিন (৩৩) বলেন, এটাই আমার দেশ। আমি এখানে জন্মেছি এবং এখানেই লালিতপালিত হয়েছি।