মহাসপ্তমীতে আজ দেবীদর্শন
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ষোড়শ উপচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা হয়েছে আজ। এ উপলক্ষে সকালে মণ্ডপে মণ্ডপে আসন, বস্ত্র, নৈবেদ্য, øানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। এ ছাড়া দেবীর পায়ে পুষ্পাঞ্জলীও দেওয়া হয় আজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা অনুষ্ঠিত হয় সকাল ৯টা ৫৮ মিনিটে, বেলা ১১টায় পুষ্পাঞ্জলী দেওয়া হয়। এ ছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির, বাড্ডার কালীমাতা দেবী মন্দির, সূত্রাপুরের রামসীতা মন্দির, শাঁখারীবাজারের প্রতিদ্বন্দ্বি পূজামণ্ডপ এবং সংঘমিত্র পূজামণ্ডপে একই সময়ে দুর্গাপূজার সপ্তমী অনুষ্ঠিত হয়।
সারাদেশে পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলার আশংকার পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্যেই বৃহস্পতিবার দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে রাজধানীর ১৫৬টিসহ দেশের প্রায় ১৯ হাজার মণ্ডপে আনন্দ-উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
বুধবার বেলগাছতলায় দেবীর বোধনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ষষ্ঠী তিথিতে মূল প্রতিমায় দেবীকে কল্পনা করে পূজা দিয়ে শুরু হয় মূল দুর্গোৎসবের।
সারাদেশের পূজা মণ্ডপ এখন ঢাক আর কাঁসর ঘন্টায় মুখরিত। আলোকসজ্জা আর মঙ্গলপ্রদীপে দেবী দুর্গার পাদপ্রদীপ আলোকিত করা হয়েছে সারাদেশেই।
আগামীকাল শনিবার মহাঅষ্টমী ও রোববার মহানবমী। সোমবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এ উৎসবের।
