২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে প্রচারিত প্রামাণ্যচিত্রের নিন্দায় রাবির ২০১ শিক্ষক

বিটিভিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রচারের নিন্দা ও এর প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১ জন শিক্ষক। তারা প্রামাণ্যচিত্রটি বাজেয়াপ্ত করারও দাবি জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ২০১ জন শিক্ষক বৃহস্পতিবার এ বিষয়ে এক যুক্ত বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেন, ১৯৪৮-৭১ এর ২৬ মার্চ পর্যন্ত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমিকে বাদ দিয়ে প্রচারিত প্রামাণ্যচিত্রটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা দেখে মনে হয় জিয়াউর রহমানকে ঘিরেই যেন মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। এতে স্বাধীনতার ঘোষণা নিয়ে যেসব গালগল্পের অবতারণা করা হয়েছে তা জিয়ার লেখা ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধতেই ভুল প্রমাণিত হয়। এছাড়া সম্প্রতি এ বিষয়ে কর্নেল অলী আহমদের বক্তব্যও দেশবাসী মনোযোগের সাথে খেয়াল করেছেন।

প্রামাণ্যচিত্রে বেগম মুজিবকে হেয় করার বিষয়ে শিক্ষকরা বলেন, প্রতিবেদন প্রণেতার ওপর এখনও যে পাকিস্তানি প্রেতাত্মা ভর করে আছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কারণ বেগম মুজিব মুক্তিযুদ্ধকালে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক যে মানবিক নির্যাতনের শিকার হন এবং মানবেতর জীবন - যাপন করেন তা মুক্তিযুদ্ধের সাথে সংশ্লি¬ষ্ট সবারই জানা।

প্রতিবেদনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকেও বিকৃত করা হয়েছে বলে শিক্ষকরা অভিযোগ করেন।

তারা রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে ভবিষ্যতে এ ধরনের বিকৃত রুচিসম্পন্ন প্রতিবেদন প্রচার না করার এবং ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি বাজেয়াপ্ত করার দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- প্রফেসর আব্দুস সোবহান, সাইদুর রহমান খান, জুলফিকার মতিন, খায়রুল আলম খান, মোখলেছুর রহমান, মাহবুবর রহমান, এন্তাজুল এম হক, এম এ লতিফ, মোজাফফর হোসেন, মিজান উদ্দিন, মু. নূরুল্ল¬াহ্, জেহাদুল করিম, জালাল উদ্দিন, সৈয়দ শামসুদ্দিন আহমেদ, আনন্দ কুমার সাহা, আব্দুল জলিল মিয়া, মলয় কুমার ভৌমিক, ড. ফায়েকউজ্জামান, চিত্ত রঞ্জন মিশ্র, হাসিবুল আলম প্রধান প্রমুখ।