কক্সবাজারে পল্লী বিদ্যুৎ সমিতি ভাংচুর, আহত ১০
বিদ্যুতের দাবিতে মঙ্গলবার রাতে কয়েকশ’ মানুষ কক্সবাজার জেলা পল্লী বিদ্যুত অফিসে হামলা চালালে ১০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টায় পাঁচ শতাধিক মানুষ শহরের লিংক রোডস্থ জেলা কার্যালয়ে ইট--পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে। বিক্ষুব্ধ জনতাকে ঠেকাতে পল্ল¬ী বিদ্যুৎ কার্যালয়ে কর্মরত আনসার সদস্যরা ফাঁকা গুলিবর্ষণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় জনতার ইট--পাটকেল নিক্ষেপে আনসার সদস্য আলী সিকদার ও আজিজুর রহমানসহ ১০ জন আহত হয়।
হামলাকারীদের একজন জানান, পবিত্র রমজান মাস শুরুর সাথে সাথে জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়। স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ রোজাদারদের নির্ধারিত গুরুত্বপূর্ণ সময় বিবেচনা না করে সেই আগের নিয়মে লোডশেডিং অব্যাহত রাখে। রমজান মাস শুরুর পর প্রথম দুদিনে জেলায় পল্ল¬ী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলোতে ইফতার, তারাবির নামাজ ও সেহেরীর সময় বিদ্যুৎ সরবরাহ করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় ও রাতে তারাবির নামাজের সময়ও পল্ল¬ী বিদ্যুতের লোডশেডিং যথানিয়মেই চলতে থাকে। এমনকি পল্ল¬ী বিদ্যুতের জেলা কার্যালয়ের আশপাশের গ্রামগুলোও লোডশেডিংয়ের কবলে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রাত প্রায় নয়টার দিকে তারাবির নামাজ শেষে মসজিদের মাইকে বিদ্যুতের দাবিতে মানুষকে একত্রিত হওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর কয়েকশ’ শহরবাসী একত্রিত হয়ে কক্সবাজার সরকারী কলেজের সামনে পল্ল¬ী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ে হামলা চালায়।
তারা বিদ্যুৎ অফিসের প্রধান গেইট ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে কর্তব্যরত আনসার সদস্যরা ভেতর থেকে তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এক প্রত্যক্ষদর্শী ও কলেজ গেইটের ব্যবসায়ী আবুল কালাম জানান, লাঠিচার্জের পরও বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশ কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় কক্সবাজার পল্ল¬ী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মনজুরুর রশিদকে জনতার সামনে নিয়ে আসে। তিনি সংক্ষিপ্ত ভাষণে ইফতার, তারাবির নামাজ ও সেহেরীর সময় বিদ্যুৎ নিশ্চিত করার প্রতিশ্র“তি দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে মনজুরুর রশিদ জানান, পাওয়ার গ্রিডে ‘আন্ডার ফ্রিকোয়েন্সি মিটার’ লাগানোর কারণে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটছে। তিনি বলেন, কক্সবাজারে বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা ৩৪ মেগাওয়াট। সেখানে পাওয়া যায় মাত্র আট থেকে ১৫ মেগাওয়াট। তাও নিয়ন্ত্রিত হয় পিডিবির পাওয়ার হাউস থেকে। মঙ্গলবার বিদ্যুৎ পাওয়া গিয়েছিল ১৫ মেগাওয়াট। বিদ্যুৎ না পেলে লোডশেডিং করা ছাড়া বিকল্প পথ থাকে না। তাছাড়াও আন্ডার ফ্রিকোয়েন্সি মিটারের কারণে স্বাভাবিক নিয়মেই লোডশেডিং হয়ে যায়।
এদিকে কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এনায়েত উদ্দিন স্বীকার করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মৃদু লাঠিচার্জ করা হয়েছে।
