রেলওয়ে পুনর্গঠনে একনেকের ৩৬০০ কোটি টাকা বরাদ্দ
রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ রেলওয়েকে পুনর্গঠিত করতে তিন হাজার ৬০১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার একনেকের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
রেলওয়ের জন্য বরাদ্দকৃত মোট অর্থের মধ্যে দুই হাজার ৮৮১ কোটি টাকা এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে পাওয়া যাবে।
এ প্রসঙ্গে পরিকল্পনা সচিব আখতার হোসেন বলেন, রেল প্রকল্প হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। সারাদেশে দুই হাজার ৭০৬.১ কি.মি. দীর্ঘ রেলপথ আছে। বাংলাদেশ রেলওয়ের মূল প্রকল্পের মোট নয়টি বিভাগ আছে। এর আটটি বিনিয়োগ সংক্রান্ত ও একটি সংস্কার সংক্রান্ত।
একনেকের ওই বৈঠকে আট হাজার ৭৪৬ কোটি টাকার মোট ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। এরমধ্যে বিদেশি সহায়তা হিসাবে পাওয়া যাবে পাঁচ হাজার ৮৪৬ কোটি টাকা।
বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন প্রকল্পে অনুমোদন দিচ্ছি।
পরিকল্পনা সচিব আখতার হোসেন বিডিনিউজ২৪ডটকমকে জানান, ১৮টির মধ্যে ১৩টিই নতুন প্রকল্প।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ঢাকার কেরানীগঞ্জে বিচারাধীন বন্দীদের জন্য কেন্দ্রীয় কারাগার নির্মাণ (বরাদ্দ ৩৫১ কোটি টাকা) এবং সিরাজগঞ্জ ও খুলনায় একটি করে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত প্ল্যান্ট স্থাপন (বরাদ্দ যথাক্রমে ৬৮৮ কোটি ও ৮০৫ কোটি টাকা)।
ওই বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আরও আছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে ঢাকা ক্লিন ফুয়েল প্রকল্প (বরাদ্দ ১৪৯ কোটি টাকা), স্থানীয় সরকার বিভাগের অধীনে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন খাত প্রকল্প (বরাদ্দ ৪৮৬ কোটি টাকা), শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (বরাদ্দ ৭৯৩ কোটি টাকা) এবং বিদ্যুত বিভাগের অধীন আমিনবাজার--পুরাতন বিমানবন্দর ২৩০ কেভি ট্রান্সমিশন লাইন ও এর সহযোগী সাব - স্টেশন প্রকল্প (বরাদ্দ ৬৫৩ কোটি টাকা)।
একনেকের ওই বৈঠকে যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।
