ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাবিতে মানববন্ধন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০ বছর মেয়াদী কৌশলপত্র বাতিল এবং প্রথম বর্ষের ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের এক সূত্র জানায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রফ্রন্ট রাবি শাখার সভাপতি সুশান্ত সিনহার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইদ আখতার আমিন, সাংগঠনিক সম্পাদক মতিন সরকার ও দপ্তর সম্পাদক অসীম চক্রবর্তী।
এছাড়া কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়ন রাবি শাখার সাধারণ সম্পাদক এস প্রমথেশ শীল ও ছাত্র ফেডারেশন রাবি শাখার আহ্বায়ক আহসানুল কবীর পলাশ সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের উচ্চশিক্ষায় ২০ বছর মেয়াদী কৌশলপত্র প্রণয়ন করে তার ব্যয়ভার শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে।
এছাড়া বক্তারা প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি ফরমের মূল্য ৯০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০ টাকায় নির্ধারণ করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
