অধ্যাপক আফতাবের মৃত্যুতে ঢাবি শিক্ষকদের ক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদের মৃত্যুতে গভীর ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
অধ্যাপক আফতাবের মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছার পর সমিতির সদস্যরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক মৌন মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আবাসিক এলাকায় বাসায় ঢুকে গুলি করে সন্ত্রাসীদের নির্বিঘেœ পালিয়ে যাওয়ার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। রাজশাহীর অধ্যাপক তাহের হত্যাকাণ্ড এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বাসায় ঢুকে হত্যার ঘটনায় ঢাবির শিক্ষক--শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভূগছে।
অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম বলেন, আমরা শিক্ষকরা জাতীয় স্বার্থে কথা বলি ও মতপ্রকাশ করি। এভাবে যদি আমরা নিরাপত্তাহীন হয়ে পড়ি তাহলে কন্ঠরোধ হয়ে পড়বে। তিনি দল - মত নির্বিশেষে সকলের নিরাপত্তার দাবি জানান।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সুরক্ষিত আবাসিক এলাকার বাসায় ঢুকে হামলা চালিয়ে সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন।
সরকারী কোন এজেন্সি এর সাথে জড়িত উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত পরিকল্পিত হামলা।
তিনি বলেন, হয় সরকারকে এর খোঁজ নিয়ে বেরকরতে হবে অথবা সরকারকে এর দায়িত্ব নিতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশীদ, কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক সিরাজুল ইসলাম, জীব বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন প্রমুখ।
শতাধিক শিক্ষক এ মৌন মিছিলে অংশগ্রহণ করে।
