২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাহীনতায় ঢাবি শিক্ষকরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আফতাব আহমেদের ওপর সন্ত্রাসী হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ রোববার সাংবাদিকদেরকে বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ক্যাম্পাস থেকে ভাসমান দোকান তুলে দেয়ার পাশাপাশি আবাসিক এলাকায় পিএবিএক্স ফোন স্থাপন করাসহ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করা হবে।

এদিকে শনিবারের ঘটনায় অধ্যাপক আফতাব আহমেদের স্ত্রী বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একটি জিডি করেছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান ফুলার রোডের বাসায় ঢুকে শিক্ষকের ওপর হামলার ঘটনায় সরকারকে দায়ি করেছেন।

তিনি বলেন, বারবার শিক্ষকদের নিরাপত্তার কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এই হামলা প্রমান করে বিশ্ববিদ্যালয়ে কারো জীবনের নিরাপত্তা নেই। তিনি দল-মত নির্বিশেষে সকল শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।