বাগেরহাটে পুলিশের ‘ক্রসফায়ারে’ চরমপন্থি নেতা নিহত
বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের চন্ডিতলা স্কুলের কাছে আজ রোববার ভোরে পুলিশের ‘ক্রসফায়ারে’ নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন।
তার নাম আবিদ হাসান ওরফে জীবন আহম্মেদ ওরফে বাবু ওরফে মুক্তি গাজী (৩০)।
রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের জালাল গাজীর পুত্র আবিদ চরমপন্থি দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, আবিদ হাসানকে রামপাল এলাকা থেকে শনিবার বিকালে গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য চন্ডিতলা স্কুলের কাছে পেঁৗঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষে গুলি বিনিময়ের সময় ‘ক্রসফায়ারে’ পড়ে আবিদ ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি শাটারগান, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা এবং পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
নিহত আবিদের বিরুদ্ধে কয়েকটি উল্লেখযোগ্য হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
