২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ২ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৬

নরসিংদী শহরের হিন্দু অধ্যুষিত এলাকা পশ্চিম কান্দাপাড়া মহল্লার দুই ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 02:32 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এ ঘটনায় মহিলাসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নরসিংদী সদর হাসপাতাল এবং ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছেন -- গৌরাঙ্গ সাহা (৭০), ধর্মনী সাহা (৬৫), শিবু সাহা (৩৮), ডালিয়া সাহা (৩৩), নরেশ সাহা (৬৫) এবং শিবু সাহা (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭/৮ জন সশস্ত্র ডাকাত শুক্রবার রাতে গৌরাঙ্গ সাহার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে বেঁধে রাখে। ডাকাতরা গৌরাঙ্গ সাহার স্ত্রীর কান ছিঁড়ে দুল ছিনিয়ে নেয়ার সময় ছেলে শিবু বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এসময় শিবুর স্ত্রী ডালিয়া এগিয়ে এলে ডাকাতরা তাকেও মারধর করে। পরে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

ডাকাতরা এরপর পার্শ্ববর্তী নরেশ সাহার বাড়িতে প্রবেশ করে তাকে এবং তার ছেলে শিবুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এসময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে নরেশ সাহাকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং অপর আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।