২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগ খাতে বিতর্কিত চুক্তি দুটি অনুমোদন করেননি প্রধানমন্ত্রী

মেয়াদের শেষ পর্যায়ে এসে নতুন বিতর্ক এড়াতে টেলিযোগাযোগ খাতে প্রস্তাবিত কয়েক কোটি ডলারের বিতর্কিত দুটি চুক্তি অনুমোদনে অস্বীকৃতি জানালেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই দুটি চুক্তির আওতায় তিন কোটি ৬০ লাখ ডলার ব্যয়ে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) পদ্ধতি গ্রহণ এবং তিন কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) জন্য ঢাকা ও রাজশাহীর মধ্যে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন লিঙ্ক স্থাপনের কথা ছিল।

সিলেট বিভাগের এক প্রভাবশালী মন্ত্রীর ছোট ছেলের প্রতিনিধিত্বে চীনের হুয়াউয়ি টেকনোলজিস ওই দুটি প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছিল।

তবে পরিকল্পনা মন্ত্রণালয় টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিটিবির কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা এবং হুয়াউয়ি টেকনোলজিসকে নির্বাচন করার মধ্যে যোগসাজসের কথা জানার পর চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই যোগসাজসে জড়িত তৎকালীন টেলিযোগাযোগ সচিব ও বিটিটিবির কর্মকর্তারা হুয়াউয়ির খরচে বিদেশে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন বলে পরিকল্পনা মন্ত্রণালয় জানতে পারে।

এ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার আপত্তি জানানো সত্ত্বেও টেলিযোগাযোগ মন্ত্রণালয় চীনের ওই কোম্পানির পক্ষে প্রচারণা চালায় এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ২১ আগস্ট চুক্তি দুটিতে অনুমোদন দেয়। বাংলাদেশে হুয়াউয়ির প্রতিনিধিরা এই চুক্তি দুটি অনুমোদনের ক্ষেত্রে অনুঘটক হিসাবে কাজ করে।

সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে এই প্রক্রিয়ার অনিয়ম নিয়ে খবরও প্রচার করে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্রয় প্রস্তাব দুটি পর্যালোচনা করা হয়। শেষ পর্যন্ত গত সপ্তাহে চুক্তি দুটি বাতিল হয়।

এ প্রসঙ্গে টেলিযোগাযোগ সচিব মিয়া মুশতাক আহমাদ বিডিনিউজ২৪ডটকমকে জানান, চুক্তি দুটি বাতিলের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাদের এখনো কিছু জানানো হয়নি।