নরসিংদীতে পুলিশের গুলিতে আহত কামাল মারা গেছেন
নরসিংদীতে পুলিশের গুলিতে আহত কামাল (৩৫) বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গত মঙ্গলবার বিকালে বিক্ষুব্ধ গ্রাহক জনতা ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ সমিতি--২ চৌয়ালা কার্যালয়ে হামলা চালানোর পর পুলিশের গুলিবর্ষণে তিনি আহত হয়েছিলেন।
অধিক রক্তক্ষরণে কামালের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
কামাল রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খাটিয়ারা গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের সাটিরপাড়া কুমিল্লা কলোনির কাছে থাকতেন। কারখানার কাজের পাশাপাশি সংসার চালাতে তিনি আতরসহ বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতেন।
কামালের মৃত্যু সংবাদ নরসিংদীতে ছড়িয়ে পড়ার পর সহিংস ঘটনার আশংকায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
