২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে বিশ্ব মিডিয়া

বিশ্বের প্রধান প্রধান সংবাদ সংস্থা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষè নজর রাখছে। ঢাকাস্থ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার ব্যাপক প্রচারের কারণেই এটি সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আন্তর্জাতিক মিডিয়াগুলো বাংলাদেশের বিরোধী দল আওয়ামী লীগের প্রস্তাবিত নির্বাচনী সংস্কার প্রস্তাব এবং ২০০৭ সালের জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির ওপর ছবি এবং ভিডিও সম্বলিত সংবাদ পেশ করছে।

সার্চ ইঞ্জিন গুগলের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুয়ায়ী বিশ্বের অন্যতম বিখ্যাত পত্রিকা ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন (আইএইচটি) বাংলাদেশের রাজনৈতিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিউইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের  (এপি) প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

আইএইচটি এপির ১৮ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনের ভিত্তিতে জানায়, পল্টন ময়দানে আওয়ামী লীগের মহাসমাবেশে এক লাখ কর্মীর উপস্থিতিতে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবিতে সরকারবিরোধী কর্মসূচি ঘোষণা করেছেন। এপির এই প্রতিবেদনে নির্বাচন পদ্ধতি সংস্কারের ওপর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় সরকারের অবস্থানের কথাও উল্লেখ করা হয়েছে।

লন্ডনভিত্তিক ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) তাদের সংবাদের ‘ওয়ার্ল্ড সার্ভিস’ অংশে আওয়ামী লীগের মহাসমাবেশকে গুরুত্বের সাথে প্রচার করে। বিবিসি বর্তমানের উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশি কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞের মতামতও প্রচার করে। বিবিসির বাংলা সংবাদও একই গুরুত্বের সাথে বিরোধী দলীয় মহাসমাবেশের খবর প্রচার করেছে।

এদিকে এপির উদ্ধৃতি দিয়ে ১৮ সেপ্টেম্বরের মহাসমাবেশকে গুরুত্ব দিয়ে প্রচার করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা কেবল নিউজ নেটওযার্কও (সিএনএন)।

বিশ্বের অন্যতম সংবাদ সংস্থা রয়টার্স লাখ লাখ কর্মীর উপস্থিতিতে বিরোধী দলের মহাসমাবেশের খবর দেয়।

প্যারিসভিত্তিক এজেন্সি ফ্রান্স প্রেসও (এএফপি) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে মহাসমাবেশের সংবাদ পরিবেশন করে। সংস্থাটি বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিরোধী দলীয় দাবির রাজনৈতিক গুরুত্বকে প্রাধান্য দিয়ে এই দাবির প্রতি সরকারি অবস্থানের কথাও পরিষ্কারভাবে প্রচার করে।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এবং ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াও আওয়ামী লীগের মহাসমাবেশের খবর গুরুত্বের সাথে প্রচার করে।

এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বুধ ও বৃহস্পতিবারের বিরোধী দলীয় অবরোধ এবং হরতালসহ অন্যান্য রাজনৈতিক ঘটনাগুলোর ওপর তীক্ষè নজর রাখছে। 

এছাড়াও যুক্তরাজ্যভিত্তিক গার্ডিয়ান, ফোর্বস, যুক্তরাষ্ট্রভিত্তিক লস এঞ্জেলেস টাইমস, সিয়াটল পোস্ট ইন্টালিজেন্সার, বোস্টন গ্লোব, হিউস্টন ক্রনিকল, নিউইয়র্ক নিউজডে, চীনের পিপলস ডেইলি, কাতারের গালফ টাইমস, তাইওয়ানের চায়না পোস্ট, বাহরাইনের গালফ ডেইলি নিউজ, দক্ষিণ আফ্রিকার বিজনেস ডেইলি, সিঙ্গাপুরের টুডে অনলাইন এবং ভারতের হিন্দুস্তান টাইমস, হিন্দু, জি নিউজ, এনডিটিভিসহ অনেক সংবাদ মাধ্যমই মহাসমাবেশের ওপর ঢাকাস্থ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সংবাদ প্রচার করছে।