২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর মান্দায় অর্ধদিবস হরতাল পালিত

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বানে নওগাঁর মান্দা উপজেলায় বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 03:08 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পুলিশী নির্যাতনে মনোয়ারুল হক সাগর হত্যার প্রতিবাদে এবং নির্যাতনকারী মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদার রহমানসহ চার পুলিশ কর্মকর্তা এবং চিকিৎসকসহ এই হত্যার সাথে জড়িতদের বিচার ও ফাঁসির দাবিতে এই হরতাল পালিত হয়।

হরতাল চলাকালে সংগ্রাম কমিটি মান্দা সদর ও দেলোয়ার বাড়িতে পিকেটিং করে। এসময় দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ ছিল।

নওগাঁর চৌবাড়িয়া হাটে চার পুলিশসহ পাঁচ খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত জহুরুল ও নূরুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী মান্দা থানা পুলিশ কালিগ্রাম গ্রামের আজিজুল হকের ছেলে সাগরকে বৃহস্পতিবার বিকেলে পোরশা উপজেলায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে।

রাত ১২টার দিকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সাগর মারা যায়।

পরিবারের পক্ষ থেকে নির্যাতনে সাগরের মৃত্যু হয়েছে দাবি করলেও পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, হার্ট অ্যাটাকে সে মারা গেছে।