২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও ফরিদপুরে এবার ৯০৩ মণ্ডপে দুর্গা পূজা

দুর্গতিনাশিনী দেবীকে স্বাগত জানাতে এখন মোটামুটি প্রস্তুত বরিশাল ও ফরিদপুর। এর মধ্যে বরিশাল জেলার ১০টি উপজেলায় ৪শ’ এবং ফরিদপুর জেলার ৮টি উপজেলায় মোট ৫০৩টি মণ্ডপে এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 10:51 AM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আসছে ২৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার ষষ্ঠী পূজা বা বোধন দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। ১ অক্টোবর বিজয়া দশমী

বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, চলছে শেষ মুহূর্তের মণ্ডপ সাজানো।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু বিডিনিউজকে জানিয়েছেন, এ বছর জেলার ৪০০ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে এবার সার্বজনীন মণ্ডপ শংকর মঠ, রামকৃষ্ণ মিশন, নতুন বাজার, ঝাউতলা, কারিকর বিডি ফ্যাক্টরী, পাষানময়ী কালবাড়ী, জগন্নাথ দেবের মন্দির, চার্চওয়ার্ড, নিয়োগী প্রাঙ্গন, কালীবাড়ী (ফলপট্টি), কালীবাড়ী (বাজার বোড) দপ্তর খানা, রাধা গোবিন্দ জিউ’র মন্দির, ভাটিখানা, কাউনিয়া প্রধান সড়ক, অপরাজিত কুঞ্জ, অষ্টকোনা লোকনাথ মন্দির।

এছাড়াও সদর উপজেলার বুনিয়াদি স্কুল, চন্দ্রমোহন দুর্গামন্দির শায়েস্তাবাদ বাজার, চরমোনাইয়ের হরিমন্দির, মক্রমপ্রতাপ, রাজার চর, টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের উত্তর সোমরাজি, দক্ষিণ সোমরাজি, বিশারদ এবং পতাং এর ঠাকুরবাড়ী সিটি কর্পোরেশনের আওতাধীন ছয়টি এবং সদর উপজেলার দুইটি মণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে জেলার আগৈলঝড়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এ বছরও  ১২০টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

বিডিনিউজের ফরিদপুর প্রতিনিধি জানান,  জেলার ৮টি উপজেলায় মোট ৫০৩টি মণ্ডপে এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত সোমবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নাসিরউদ্দিন খানের সভাপতিত্বে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে এক আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করা হয়।

সভায় ফরিদপুর জেলার ৮টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদক এবং জেলার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলায় ১১১টি,  মধুখালীতে ৯৭টি, বোয়ালমারীতে ৯৪টি, আলফাডাঙ্গায় ২৮টি, চরভদ্রাসনে ১৭টি, সদরপুরে ৩৩টি, ভাঙ্গায় ৫৮ এবং নগরকান্দা উপজেলার ৬৫টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, এবার দুর্গাপূজা উপলক্ষে শান্তি -- শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।