২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে কমপ্রিহেনসিভ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

কম্প্রিহেনসিভ (সমন্বিত) পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবীতে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 06:19 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এর আগে সোমবার শিক্ষার্থীরা একই দাবীতে কলেজে বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও কর্মসুচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, কলেজের ১৮টি বিভাগের অনার্স ও মাস্টার্স শেষ বর্ষের ২৫ হাজার শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদনে উল্লেখ করেন, কম্প্রিহেনসিভ পদ্ধতি অপ্রয়োজনীয় এবং এ পদ্ধতির ফলে শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়।

কলেজের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবু জাফর বলেন, ‘কম্প্রিহেনসিভ নামের যে পরীক্ষাটি আমরা দিই এর নম্বর মূল পরীক্ষার নম্বরে যোগ হয় না। মেধার ক্ষেত্রেও এ পরীক্ষাটি কোনো কাজে আসে না। কিন্তু এ পরীক্ষায় ফেল করলে মূল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০০৪ - ২০০৫ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের জন্য এ পদ্ধতি বাতিল করেছে। কিন্তু যারা পুরনো শিক্ষা বর্ষের শিক্ষার্থী তাদের এখনো কম্প্রিহেনসিভ পরীক্ষা দিতে হচ্ছে।

অথচ কয়েকদিন আগে একই শিক্ষাবর্ষের পদার্থবিদ্যা বিভাগের অনার্সের কম্প্রিহেনসিভ পরীক্ষা বাতিল করলেও অন্যান্য বিভাগের বেলায় তা না করায় শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছেন। 

গণিত বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুল হক জানান, এ পদ্ধতি বাতিলের দাবীতে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরো জানান, এ দাবী মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর আনিসুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সামনেই তাদের দাবী নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীনের সঙ্গে কথা বলেছেন।

তিনি আরো জানান, স্থানীয়ভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ব্যাপার।