২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আইইউটির ২০ তম সমাবর্তনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, সাম্প্রতিককালে নানা অজুহাতে ইসলাম ধর্ম ও এর অনুসারীদের খাটো করার চক্রান্ত চালানো হচ্ছে। গণতান্ত্রিক বিকাশ, আর্থ সামাজিক অগ্রগতি এবং জ্ঞান -- বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে আমাদেরকে এসব অপতৎপরতার সমুচিত জবাব দিতে হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল ও তীব্র প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে ও সামনে এগিয়ে যেতে হলে মুসলিম বিশ্বকেও জ্ঞান-বিজ্ঞান চর্চার মূলধারায় সম্পৃক্ত হতে হবে। 

প্রধানমন্ত্রী সোমবার দুপুরে গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব বলেন। প্রধানমন্ত্রী ওআইসিভুক্ত ১৪ টি দেশের ডিগ্রী ও ডিপ্লোমা অর্জনকারী ১৯৯ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন।

সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ফজলে ইলাহি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ওআইসি মহাসচিবের বাণী পাঠ করেন ড. রাজলী বিন মোহাম্মদ নুরদিন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইউটি রেজিস্ট্রার এম আহসান হাবিব।

সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, সাংসদ ফজলুল হক মিলন, অধ্যাপক এম এ মান্নান, হাসানউদ্দিন সরকারসহ ওআইসিভুক্ত বিভিন্ন দেশের দূত ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া নবীন ডিগ্রীধারীদের উদ্দেশ্যে বলেন, অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা এসেছ। কঠোর অধ্যবসায় ও দিনরাত পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেয়েছ। এখন নিজ নিজ দেশে তোমরা বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশ করবে। কর্মজীবনে আমি তোমাদের সাফল্য কামনা করি।

প্রধানমন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিএসসি ইন সিআইটি প্রোগ্রামের বাংলাদেশী ছাত্র মো. মহিউদ্দিন খানকে ওআইসি স্বর্ণপদক এবং বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নাসিব আহমেদ আদনান ও বিএএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মো. রাজু হোসেনকে আইইউটি স্বর্ণপদক প্রদান করেন।

প্রধানমন্ত্রী সমাবর্তন অনুষ্ঠান শেষে আইইউটির পরিচালনা পর্ষদের ৩২ তম সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।