শায়খ ও বাংলা ভাইসহ ৭ জঙ্গির ফাঁসির রায়ে বিচারকদের স্বাক্ষর
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি এর শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ সাত জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় লেখা চূড়ান্ত করে দুই বিচারপতি সোমবার বিকাল তিনটায় তাতে স্বাক্ষর করেছেন।
দীর্ঘ ১৮ দিন পর রায় লেখা চূড়ান্ত করে দুই বিচারপতি মোহাম্মদ আলী আসগর খান ও বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক এতে স্বাক্ষর করেন।
রায়টি ঝালকাঠির বিচারিক আদালতে পাঠিয়ে দেয়ার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট ফৌজদারি শাখায় পাঠানো হয়েছে। এই শাখা থেকে রায়ের একটি ইস্যু কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে ঝালকাঠির আদালতে পাঠিয়ে দেয়ার পরই জঙ্গিদের মৃত্যুদন্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে সরকারের ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা সোমবার রায় স্বাক্ষরের পরপরই বিডিনিউজ২৪.কমকে জানিয়েছেন।
তিনি আরও জানান, সোমবার পর্যন্ত মৃত্যুদন্ডপ্রাপ্ত জেএমবি এর শীর্ষ জঙ্গিদের কেউই সুপ্রিম কোর্টে আপিল করেনি।জঙ্গিদের ফাঁসি কার্যকরের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে হেলাল উদ্দিন মোল্লা বলেন, হাইকোর্টের কপি ঝালকাঠির আদালতে গেলেই ওই আদালত আসামিদের ফাঁসি কার্যকর করার জন্য মৃত্যু পরোয়ানা জারি করে সংশ্লিষ্ট জেলার ডিসিদের মাধ্যমে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গিরা যে কারাগারে রয়েছে সেই কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবে।
সংশ্লিষ্ট জেল সুপারিনটেন্ডেন্টের কাছে রায় পৌঁছালে তিনি মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গিদের তাদের ফাঁসির রায় অনুমোদন হওয়ার বিষয়টি জানাবেন। তাদের কাছে তিনি জানতে চাইবেন যে, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপীল বা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করবে কি না। সাত দিনের মধ্যে এর উত্তর না এলে কারা কর্তৃপক্ষ জেএমবি এর এই জঙ্গিদের ফাঁসি কার্যকর করার দিন নির্ধারণ করবেন।
হেলাল উদ্দিন মোল্লা আরও বলেন, জঙ্গিরা আপীল না করলে আগামি ১ অক্টোবরের পর তাদের ফাঁসি কার্যকর করতে আর কোন বাধা থাকবে না। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জঙ্গিদের ফাঁসির রায় কার্যকর করা যাবে বলে তিনি জানান।
গত বছর ১৪ নভেম্বর জেএমবির বোমা হামলায় ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় গত ২৯ মে ঝালকাটির আদালত শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, বোমা হামলাকারী মামুন, আরিফ ও খালেদ সাইফুল্লাহকে ফাঁসির আদেশ দেন।
গত ৩১ আগস্ট বিচারপতি মোহাম্মদ আলী আসগর খান ও বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জেএমবি এর সাত জঙ্গির মৃত্যুদন্ডাদেশ অনুমোদন করে রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৮দিন পর সেই রায় লেখা চূড়ান্ত করে বিচারক দুজন এতে স্বাক্ষর করলেন।
