২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎখাতে অপতৎপরতা বন্ধের কার্যক্রম হাতে নেয়া হয়েছে

বিদ্যুৎখাতে অপতৎপরতা বন্ধের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ একটি কার্যক্রম হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিদ্যুৎ বিভাগ সূত্র শনিবার জানায়, প্রধান প্রকৌশলী (পরিচালনা) খিজির খানকে প্রধান করে গত সপ্তাহে পাঁচ সদস্যের একটি নিরীক্ষা দল গঠন করা হয়েছে। বিদ্যুৎ ইউনিটগুলোতে সাম্প্রতিক সময়ে যে সংকটের সৃষ্টি হয়েছে, এর পেছনে কোনও ধরনের অপতৎপরতা আছে কি না তা খতিয়ে দেখবে দলটি।

নিরীক্ষা দল বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে তারা অন্যান্য ইউনিটগুলোতেও যাবে বলে সূত্র জানিয়েছে।

বিদ্যুতি প্রতিমন্ত্রী এম আনোয়ারুল কবির বন্ধ হওয়া ১৪টি বিদ্যুৎ ইউনিট সম্পর্কে বিদ্যুৎ বিভাগের কাছ থেকে যাবতীয় তথ্য চেয়েছেন। তার মতে প্রাপ্ত তথ্য সন্তোষজনক নয়।

সূত্র জানায়, বর্তমানে বিদ্যুৎ ঘাটতি ধারণার বাইরে চলে গেছে।

দেশে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেও মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২ হাজার ৯০০ মেগাওয়াটে নেমে এসেছে। মোট বিদ্যুতের চাহিদা ৪ হাজার ২০০ মেগাওয়াটের বিপরীতে কিছুদিন আগেও বিদ্যুতের গড় উৎপাদন ছিল প্রায় ৩ হাজার  ২০০  মেগাওয়াট।

নিরীক্ষা দল ছাড়াও বিদ্যুৎ ইউনিটগুলোতে ঝটিকা সফর করার জন্য মন্ত্রী নিজে একটি দল গঠন করছেন।

বিদ্যুৎ উৎপাদন ব্যাহত করা ছাড়া বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রেও নতুন করে নানা অভিযোগ পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়কে এ ব্যাপারে অবহিত করার পরই এই নিরীক্ষা  দল গঠন করা হয় বলে সূত্র জানায়।