গাজীপুরে দুইদিনে ২ ব্যক্তি খুন
গাজীপুরে গত দুই দিনে দুই ব্যক্তি খুন হয়েছেন। এদের একজন পারিবারিক কলহের জের ধরে নিহত হন বলে জানা গেছে। অপরজনকে হত্যার কারণ জানা যায়নি।
জানা গেছে, গাজীপুরের শ্রীপুরের ভিটিপাড়া এলাকায় বুধবার রাতে স্ত্রী শামসুন্নাহার (৩৫) কোদাল দিয়ে বিছানায় শায়িত স্বামী রইছ উদ্দিনের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রইছ উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে এলাকাবাসী জানায়।
পুলিশ শামসুন্নাহারকে গ্রেফতার করেছে।
এদিকে টঙ্গী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার মোস্তফা সরকারের ভাড়া বাসা থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার (২৫) লাশ উদ্ধার করে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে পুলিশ জানায়।
ওই বাড়ির মালিক জানান, গত ৮ সেপ্টেম্বর স্বামী - স্ত্রী পরিচয়ে দুজন বাসা ভাড়া নেয়। তবে তিনি এদের কারো নাম বা ঠিকানা বলতে পারেনি।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে।
