২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীর ঘটনায় গণতদন্ত কমিটি গঠনের ইঙ্গিত

ফুলবাড়ী কমিটির নেতৃবৃন্দ শুক্রবার সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ফুলবাড়ীর ঘটনায় গঠিত বর্তমান তদন্ত কমিটির কাজে শম্বুক গতির কারণে তারা নিজেরাই একটি গণতদন্ত কমিটি গঠন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ এবং ফুলবাড়ীর আন্দোলনকারী স্থানীয় জনগণ এই হুমকি দিয়েছেন। তারা ফুলবাড়ীর ঘটনায় তাদের ছয় দফা দাবি পূরণে ধীরগতির জন্যও হুঁশিয়ারী ব্যক্ত করেছেন।

তারা জানান, আন্দোলনের ভবিষ্যত গতিপথ নির্ধারণের জন্য আলোচনা করে এক সপ্তাহ পরে একটি গণতদন্ত কমিটি গঠন করা হতে পারে।

২৬ আগস্ট ফুলবাড়ী হত্যাকান্ডের পর ৩০ আগস্ট সরকার খনি বিষয়ে আন্দোলনকারীদের দাবি--দাওয়া মেনে নিতে সম্মত হয়।

এ বিষয়ে অর্থনীতিবিদ ও জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বিডিনিউজ২৪.কমকে বলেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহতদের তালিকা তৈরি এবং ফুলবাড়ী হত্যাকান্ডের তদন্তে এ পর্যন্ত খুব কমই অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জি প্রত্যাহার এবং প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প এলাকা থেকে সকল প্রকার স্থাপনা অপসারণের বিষয় এখনো অনেক দূরে।

এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোন আনুষ্ঠানিক কাগজপত্র পাননি বলেও তিনি উল্লেখ করেন।

আনু মোহাম্মদ আরো বলেন, আমরা যদি কর্তৃপক্ষের মাধ্যমে প্রভাবিত না হই তবে ফুলবাড়ীর ঘটনায় চলমান তদন্ত কাজকে জোরদার করতে সরকার ও স্থানীয়দের সমন্বয়ে একটি গণতদন্ত কমিটি গঠন করা হবে।

এর আগে আন্দোলনকারীদের দাবি পূরণে বিএনপি নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবীব দুলুর উপস্থিতিতে আন্দোলনকারী ও সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।