জকিগঞ্জ সীমান্তের বাসিন্দারা পালিয়ে গেছেন
সিলেটের জকিগঞ্জ সীমান্তে বৃহস্পতিবার রাতে বিডিআর—বিএসএফ এর আড়াইঘন্টা গুলি বিনিময়ের পর শুক্রবার বিকেল পর্যন্ত উভয়পক্ষের মধ্যে আর কোন গোলাগুলির খবর পাওয়া যায়নি।
তবে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় সীমান্তের বান্দিারা ঘর--বাড়ী ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
সূত্র জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার রাত ৮টা ৫৫ মিনিটে ভারতের তিম্মারখাল ক্যাম্প থেকে কোনো কারণ ছাড়াই বাংলাদেশের উত্তরকুল জনপদ লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। বিএসএফ এক ঘন্টায় প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুঁড়ার পর বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে এর জবাব দেয়। এতে বিএসএফ সদস্যরা পিছু হটলেও গোলাগুলি অব্যাহত থাকে। রাত সোয়া ১১টার দিকে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি বন্ধ হয়।
স্থানীয় সূত্রগুলো এ ঘটনায় ৩ বিডিআর সদস্যসহ ১০ জন আহত হওয়ার খবর জানালেও বিডিআর কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।
৩৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু তাসনিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ বিনা উস্কানীতে সহস্রাধিক রাউন্ড গুলি ছুঁড়েছে। বিডিআর সদস্যরাও পাল্টা গুলি চালায়। বিডিআরের পক্ষ থেকে ১২ শ রাউন্ড গুলি ছোঁড়া হয় বলেও তিনি জানান।
এদিকে বৃহস্পতিবার রাতে বিএসএফ--বিডিআর বন্দুকযুদ্ধ শুরু হলে সীমান্তের আমলসীদ থেকে মুন্সিপাড়া ও উত্তরকুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে চরম আতংক ছড়িয়ে পড়ে। রাতের আঁধারে গ্রামবাসী বাড়িঘর ছেড়ে যে যেভাবে পারেন নিরাপদ স্থানের উদ্দেশ্যে চলে যান।
সীমান্তবর্তী উত্তরকুল, কাজিরপাড়া, বারঠাকুরী, বিনাপাড়া, সালেহপুর, মুন্সিবাজার ও বিন্নাকান্দি গ্রামের বাসিন্দারা যে কোন সময় আবারো গোলাগুলি শুরুর আশংকা করছেন।
