৪ নভেম্বর থেকে রাবিতে ভর্তি ফরম বিতরণের সুপারিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৬-’০৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফরম আগামী ৪ নভেম্বর থেকে বিতরণ এবং ২০ নভেম্বর পর্যন্ত গ্রহণের সুপারিশ করা হয়েছে। বুধবার রাতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এই সুপারিশ করা হয়।
এ ছাড়া আগামী ৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর ব্যাপারেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার রাতে ভিসি লাউঞ্জে উপাচার্য অধ্যাপক এম. আলতাফ হোসেনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুপারিশ করা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক যোগ্যতা হিসেবে বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে পৃথক ৩ পয়েন্টসহ উভয় পরীক্ষায় মোট জিপিএ- ৬. ৫ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে পৃথক ২. ৫ পয়েন্টসহ উভয় পরীক্ষায় মোট জিপিএ- ৫.৭৫ থাকতে হবে।
তবে শনিবার ভর্তি পরীক্ষার মূল কমিটির সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এবারও অন্যান্য বারের মত বিভাগ ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সভা সূত্রে জানা গেছে।
