২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজারা নিয়ে নয়, নিজস্ব উড়োজাহাজ দিয়েই হজ ফ্লাইট চালাবে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট চালানোর জন্য উড়োজাহাজ ইজারা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিমান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, নিজস্ব উড়োজাহাজ দিয়েই এবার হজ ফ্লাইট চালানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্থার কর্মকর্তা - কর্মচারিদের ১০ টি সংগঠনের জোট সম্মিলিত সংগ্রাম পরিষদের তীব্র প্রতিবাদের মুখে বিমান কর্তৃপক্ষ বুধবার এক সমঝোতা বৈঠকে নীতিগত এ সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে বৃহস্পতিবার উভয়ের মধ্যে লিখিত সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা।

বিমানের ব্যবস্থপনা পরিচালক ড. এমএ মোমেনসহ উর্দ্ধতন কর্মকর্তারা বুধবারের সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন। সম্মিলিত সংগ্রাম পরিষদের পক্ষে বৈঠকে নেতৃত্বে দেন সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন এসএম হেলাল।

এ বিষয়ে ক্যাপ্টেন হেলাল বিডিনিউজ২৪.কমকে জানান, পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার বিমান কর্তৃপক্ষকে দেওয়া এক টেলেক্স বার্তায় হজ ফ্লাইট চালানোর জন্য ইজারায় উড়োজাহাজ আনার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানানো হয়।

তিনি পরিষদের দাবির উল্লেখ করে বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে যেহেতু এরই মধ্যে দেড়শ কোটি টাকা ভর্তুকি পাওয়া গেছে, কাজেই অর্থাভাবে বিদেশে আটকে পড়া উড়োজাহাজগুলোর ইঞ্জিন ছাড়িয়ে আনা সম্ভব হবে। সেক্ষেত্রে বিমান বহরের অকেজো অবস্থায় পড়ে থাকা উড়োজাহাজগুলো দিয়েই হজ ফ্লাইট চালানো যাবে।

তিনি আরো বলেন, বিদেশ থেকে ইজারায় দুটি উড়োজাহাজ আনার সিদ্ধান্ত বাতিল করা হলে বিমানের আর্থিক সাশ্রয়ও হবে। প্রয়োজনে একটি মাত্র উড়োজাহাজ এনে তা দিয়ে জরুরি আন্তর্জাতিক ফ্লাইট চালানো যেতে পারে।

ক্যাপ্টেন হেলাল জানান, বুধবারের সমঝোতা বৈঠকে বিমান কর্তৃপক্ষ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। উভয়ের মধ্যে বৃহস্পতিবার এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

বিমানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিমান সূত্র জানায়, আগামী সেপ্টেম্বর থেকে সংস্থার হজ ফ্লাইট পরিচালনা করার কথা। এ জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিমান দুটি বোয়িং ৭৪৭ ইজারায় আনার উদ্যোগ নেয়। তারা এরই মধ্যে লজিস্টক এয়ার নামে একটি সংস্থার সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছে।

প্রসঙ্গত, অর্থাভাবে বিমানের অন্তত ১০ টি উড়োজাহাজের ইঞ্জিন বিভিন্ন দেশে আটকা পড়ে আছে। এসব ইঞ্জিন ওভারহোলিং করতে দেওয়া হয়েছিল। ইঞ্জিনের অভাবে বিমানের দুটি ডিসি ১০ তিন মাস ধরে বসে আছে।