উত্তরায় মালিকপক্ষের সঙ্গে সংঘর্ষে ১৫ গার্মেন্টস শ্রমিক আহত
গার্মেন্টস খোলা ও বকেয়া বেতন আদায়ের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে মালিক পক্ষের লোকজনের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় ১৫ মহিলা শ্রমিক আহত হয়। ঘটনাটি ঘটেছে রাজধানীর দক্ষিণখান থানার গাওয়াইর শহীদ লতিফ সড়কে।
রপ্তানিমূখী মেহনাজ গার্মেন্টসের ৪ শতাধিক শ্রমিক মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফ্যাক্টরীর সামনে জড়ো হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের পর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শ্রমিকরা শহীদ লতিফ সড়ক অবরোধ করলে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষের সাথে শ্রমিক নেতাদের আলোচনা হয়। মালিকপক্ষ বুধবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ করেই কারখানাটি বন্ধ করে দেওয়ায় এ আন্দোলনের সূত্রপাত।
শ্রমিকরা জানায়, গার্মেন্টসটির এমডি, জিএম, পিএম কেউই কারখানা কিংবা অফিসে আসেন না। গার্মেন্টসটি পরিচালনা করে আসছিলেন ম্যানেজার ফজলুর রহমান ও ফ্লোর ইন চার্জ আবুল কালাম আজাদ।
দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
