২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আ. লীগের ৪৪ নেতাকর্র্মীর আগাম জামিন লাভ

চট্টগ্রামের পটিয়া উপজেলা ছাত্রসংগ্রাম পরিষদ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৪ জন নেতাকর্মীকে দুটি মামলার একটিতে আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সেইসঙ্গে অপর একটি মামলায় তাদের চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে আগামী তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে। 

বিচারপতি মীর্জা হোসেন হায়দার ও বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত এক ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

হাইকোর্টে তাদের দায়ের করা জামিন আবেদনে বলা হয়, ১৯ আগস্ট পটিয়া উপজেলা চত্বরে ১৫ আগস্টের শোকদিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের পর উপজেলা যুবসংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. জমিরউদ্দিনকে গ্রেফতার করা হয়। সমাবেশে উপস্থিত লোকজন বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় যানবাহন ভাংচুর ও হোন্ডা পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৭ জনের বিরুদ্ধে পটিয়া থানা পুলিশ দ্রুত বিচার আইনে একটি এবং অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করে।

মামলার পরিপ্রেক্ষিতে দ্রুত বিচার আদালত আসামিদের গ্রেফতার ও তাদের মালামাল বাজেয়াপ্ত করার আদেশ দিলে অভিযুক্তরা দুটি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান।

মঙ্গলবার আদালত আসামিদের আগামী তিন সপ্তাহের মধ্যে চট্টগ্রাম দায়রা জজ আদালতে আত্মসমর্পন এবং অপর মামলায় ৪৪ জনকে তিন মাসের আগাম জামিন প্রদান করেন। আদালত এসময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার বা হয়রানি না করার জন্যেও পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করেছেন।

অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ও অ্যাড. হরিসাধন দেব ব্রক্ষ্মণ।