বোয়ালমারীতে বাস শ্রমিকের হাতে কলেজ ছাত্র লাঞ্ছিত, প্রতিবাদে বাস ভাংচুর, সড়ক অবরোধ
জেলার বোয়ালমারী উপজেলা সদরে বাস শ্রমিকের হাতে কলেজ ছাত্র লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষুদ্ধ ছাত্ররা কয়েকটি বাস ভাংচুর করে এবং ফরিদপুর - বোয়ালমারী সড়ক দু’ঘন্টা অবরোধ করে রাখে।
ফলে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে ছাত্ররা সড়ক অবরোধ তুলে নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোয়ালমারী ডিগ্রী কলেজের তিন ছাত্র হাবিব (২১), রানা (২০) ও জুয়েল (২১) কাদিরী থেকে লোকাল রুটের একটি বাসে উঠে। তারা কলেজের সামনে নামতে চাইলে চালক বাস না থামিয়ে বাসস্ট্যান্ডে চলে যায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে বাস শ্রমিকরা ওই তিন ছাত্রকে লাঞ্ছিত করে। এ খবর কলেজে পৌঁছালে বিক্ষুদ্ধ ছাত্ররা ফরিদপুর বোয়ালমারী সড়কে অবস্থান নিয়ে ৭/৮ টি বাস ভাংচুর করে এবং বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে ছাত্রদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে দেয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টায় বোয়ালমারী থানায় মালিক ও শ্রমিক নেতাদের সাথে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক আহ্বান করা হয়েছে।
