উত্তরায় আটক ৫ জঙ্গির বিরুদ্ধে মামলায় রায় ২৪ সেপ্টেম্বর
রাজধানীর উত্তরা থানার কোটবাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক জেএমবির শীর্ষ পাঁচ জঙ্গির বিরুদ্ধে পৃথক দুটি মামলার রায়ের জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
সোমবার মামলার শুনানি শেষে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল হাসান নতুন এ তারিখ ঘোষণা করেন।
মামলার আসামীরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার মো. ওয়াহিদুল ইসলাম ওরফে হাবিব, টাঙ্গাইলের নাগরপুরের শফিকুল ইসলাম, কালিহাতি উপজেলার হাফেজ ইব্রাহিম, ধামরাইয়ের আব্দুল্লাহ আল হোসাইন ওরফে আল ফারুক ওরফে জাহাঙ্গীর ওরফে আকাশ এবং বাগেরহাটের মোরেলগঞ্জের হানিফ মুন্সী ওরফে হানিফ বিন ইদ্রিস ওরফে ওমর।
চলতি বছরের ৫ জানুয়ারি উত্তরার কোটবাড়ি এলাকার রুহুল আমিন ভূঁইঞার মেস থেকে উল্লিখিত পাঁচজনকে পাঁচটি নাইন এমএম পিস্তল, চারটি দেশী পাইপগান, গুলি, আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ, বোমা তৈরির বিভিন্ন উপাদানসহ বিপুল পরিমাণের বিস্ফোরক আটক করা হয়।
র্যাব - ২ এর এস আই এনামুল হক বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। গত ২৫ মার্চ এই মামলার চার্জশীট দাখিল করা হয়। ৩০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ মামলার রায়ের তারিখ ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি শহীদুল ইসলাম সরদার।
