২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিভ্রাটের কারণে এরশাদের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত, ১৭ সেপ্টেম্বর পুনঃ নির্ধারণ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে সোমবার রাজউক-এর প্লট বরাদ্দ সংক্রান্ত একটি দুনীতি মামলার রায় ঘোষণাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। একই সাথে রায় ঘোষণার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সাবেক রাষ্ট্রপতি এরশাদের উপস্থিত ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম মজিবর রহমান সকাল সাড়ে ১১ টায় রায় পাঠ শুরুর পাঁচ মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়। এসময় বিচারক এজলাস ছেড়ে তার খাস কামরায় চলে যান। এজলাস কর্মচারিরা মোমবাতি জ্বালিয়ে দিলে তিনি পুনরায় এজলাসে বসেন এবং রায় পাঠ শুরু করেন।

কিন্তু আলোর স্বল্পতার কারণে রায় পড়তে সমস্যা হলে এরশাদের আইনজীবীরা রায়ের সংক্ষিপ্তসার পাঠ করার আবেদন জানান। কিন্তু বিচারক তা আমলে না দিয়ে রায় ঘোষণার তারিখ ১৫ দিন পিছিয়ে দিয়ে আগামী ১৭ মার্চ পুনঃনির্ধারণ করেন। এসময় সাবেক রাষ্ট্রপতি এরশাদ অবশ্য সোমবারই রায় সম্পন্ন করার দাবি জানান। তবে বিচারক তার দাবিতেও আমল দেননি।

অন্যদিকে রায় ঘোষণাকালে বিদ্যুৎ বিভ্রাট এবং বিচারকের সাথে আসামী ও আইনজীবীদের কথোপকথনের ফলে এজলাসের ভিতর নাটকীয় আবহ তৈরি হয়।

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অধুনা বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা সাজ্জাদ হোসেন মতিঝিল থানায় এরশাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেন ১৯৯১ সালের ২২ এপ্রিল। অভিযোগে বলা হয়, এরশাদ ক্ষমতার অপব্যবহার করে ১৯৫৩ সালের নগর উন্নয়ন আইন ভঙ্গ করে রাজধানীর অভিজাত এলাকায় পাঁচ মন্ত্রীসহ ৪৯ ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেন।

মামলা তদন্তের এক পর্যায়ে রাজউকের তৎকালীন চেয়ারম্যান রহমতউল্লাকে অব্যাহতি দেয়া হয়।

উল্লেখ্য, এরশাদকে সাম্প্রতিক সময়ে তিনটি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।