দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রোববার গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নীল চাঁদ (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
বিডিআর সূত্র জানায়, উপজেলার মোহাম্মদপুর সীমান্ত দিয়ে বাড়ির দিকে আসার পথে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বাউশমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই যুবককে লক্ষ করে পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিএসএফ তার লাশ নিয়ে গেছে। নিহত যুবকের বাবার নাম জেকের মন্ডল।
বিডিআর - ৩২ রাইফেল ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আশরাফ বিডিনিউজ২৪ডটকমকে জানান, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল্লাহ বিএসএফ এর কাছে এ ঘটনা জানতে চেয়ে চিঠি দিয়েছেন। নিহত যুবক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিডিআর আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর একই সীমান্ত থেকে দশ বাংলাদেশীকে অপরহরণ করে নিয়ে গিয়েছিল বিএসএফ। বিডিআরের পক্ষ থেকে তাদের অবস্থা জানতে চেয়ে তিন দফা চিঠি দিয়েও কোন জবাব পাওয়া যায়নি। সেই দশজনকে ভারতের কারাগারে চালান করে দেওয়া হয়েছে বলে বিডিআর জানতে পেরেছে।
এসব বিভিন্ন ঘটনায় দৌলতপুর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
