চট্টগ্রামে পুলিশ হেফাজতে গার্মেন্টস কর্মীর মৃত্যু
চট্টগ্রামে পুলিশ হেফাজতে থাকাকালে শনিবার কেডিএস গার্মেন্টসের এক কর্মচারী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অবশ্য ওই কর্মচারী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় চারদিনের রিমান্ডের শেষদিনে কেডিএস গার্মেন্টসের গাড়ি চালক মোহাম্মদ মাসুম মারা যান।
কেডিএস গার্মেন্টসের ২০ লাখ টাকা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মাসুমকে গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করে।
কেডিএস গার্মেন্টসের কর্মচারীরা এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে নগরীর বাদশা মিয়া রোডে গার্মেন্ট মালিকের বাসার সামনে মিছিল করে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানায়।
এদিকে পুলিশের দাবি, থানার বাথরুমের পানির পাইপের সাথে ফাঁস লাগিয়ে মাসুম আত্মহত্যা করেছে।
