২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচ্যের মশল্লার ঘ্রাণে মৌ মৌ এখন লন্ডনের ব্রিকলেন

ইউরোপীয় কারি ক্যাপিটাল ও লন্ডনে বাংলাদেশীদের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ব্রিকলেন এখন গ্রীষ্মকালীন উৎসবে বেশ জমজমাট। প্রায় ৬০ হাজার লন্ডনবাসীর হৈ- হুল্লোড় আর রকমারি খাবারের ঘ্রাণে মৌ মৌ করছে পুরো এলাকা। রোববার থেকে শুরু হয়েছে এই উৎসব।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

প্রাচ্যের মশল্লার ঘ্রাণের সাথে যোগ হয় পাশ্চাত্যের সঙ্গীত ও নৃত্য। দিনব্যাপী ব্রিকলেন উৎসব, সেই সঙ্গে দু সপ্তাহের ষষ্ঠ বাংলা টাউন কারি উৎসব - সব মিলে ব্রিকলেন এখন হয়ে উঠেছে লন্ডনের মূল আকর্ষণ। বর্ণাঢ্য মিছিল, সঙ্গীত পরিবেশন, চলচ্চিত্র উৎসব, ফ্যাশন শোÑ কি নেই সেখানে।

লন্ডনের অলাভজনক সংস্থা ইএমইপি (এথনিক মাইনরিটি এন্টারপ্রাইজ প্রজেক্ট) এ উৎসবের আয়োজন করেছে। সহযোগিতা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার।

লন্ডনের মেয়র কিং লিভিংস্টোন এক বিবৃতিতে বলেন, ব্রিকলেন তাদের সমৃদ্ধ ও বহুজাতিক নগরীর একটি মানদণ্ড। তিনি বলেন, এ  উৎসবে যোগ দিয়ে লন্ডনবাসী নগরীর সমৃদ্ধি ও বৈচিত্র্য উপভোগ করেছে।

ব্রিকলেন বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাহমুদ রগ বিডিনিউজ২৪.কমকে বলেন, ষষ্ঠ বাংলা টাউন আন্তর্জাতিক কারি উৎসব পুষ্টিকর খাদ্য এবং মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, লন্ডনবাসী সবাই ব্রিকলেনের এই  হৈ- হট্টগোলের আনন্দ নিতে পারে।

উৎসবের উদ্বোধনী দিনে পেভমেন্ট ডিনার, ভাইব বার কোর্টইয়ার্ড এবং অ্যালান গার্ডেনে সরাসির সঙ্গীত পরিবেশন করা হয়।

রগ বলেন, দু সপ্তাহব্যাপী কারি উৎসবের সমাপ্তি হবে ২৪ সেপ্টেম্বর। অংশগ্রহণকারী কারি হাউজগুলোকে এ উপলক্ষে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

কারি উৎসবে নিজেদের বিশেষ বিশেষ আয়োজন নিয়ে ৩০টিরও বেশি রেস্টুরেন্ট অংশ নিয়েছে। দু সপ্তাহ ধরে পরিবারের সব সদস্যসহ রাতের খাবারে (ডিনার) উৎসাহিত করে তোলাই এই উৎসবের লক্ষ্য।

এছাড়া বিশেষ বিশেষ খাবার তৈরির জন্য বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান থেকে অতিথি শেফদের উৎসবে স্বাগত জানানো হয়েছে।