ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বিক্ষুদ্ধ মুসল্লীদের হামলা ও ভাংচুর
অব্যাহত লোডশেডিং-এর প্রতিবাদে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে শুক্রবার রাতে বিক্ষুদ্ধ জনতা হামলা ও ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পবিত্র শবেবরাতের রাতে মুসল্লীরা যখন নামাজ পড়ছিলেন, তখন পল্লী বিদ্যুৎ অফিস ঘন ঘন লোডশেডিং করছিল। এতে মুসল্লীরা ক্ষুদ্ধ হয়ে রাত ১২টার দিকে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে অফিসে ঢুকে তারা আসবাবপত্রও ভাংচুর করে। ওই সময় ভয়ে পল্লী বিদ্যুৎ অফিসের অনেক কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো কিছু বলতে রাজি হননি।
