কোরিয়ার জাতীয় দিবসে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া উত্তর কোরিয়ার ৫৮তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট কিম জঙ ইল এবং প্রধানমন্ত্রী প্যাক পং জুকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, আগামী বছরগুলোতে উভয় দেশ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আরো বেশি উপকৃত হবে।
অন্যদিকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোরিয়ার প্রধানমন্ত্রী এবং জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী বছরগুলোতে পারস্পরিক স্বার্থে উভয় দেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বিকশিত হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, কল্যাণ ও অব্যাহত সুখ-শান্তি কামনা করেন। দেশটির উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করেন তারা।
