২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ১৪ দলের ঘেরাও কর্মসূচি পালিত

প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারদের পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী ১৪ দলীয় জোট বুধবার ঢাকাসহ সারাদেশে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নওগাঁ: ডিসি অফিসের গেটে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলের গতি রোধের চেষ্টা করলে মিছিলকারীরা তা ভেঙ্গে ডিসি অফিস চত্বরে প্রবেশ করে। এ সময় উত্তেজিত মিছিলকারীদের লাঠির আঘাতে পুলিশের এএসআই গুলবাহার আহত হন। এছাড়া মিছিলকারীদের ইট - পাটকেলের আঘাতে জেলা নির্বাচন অফিসের কাঁচের দরজা ও জানালা ভেঙ্গে যায়।

মানিকগঞ্জ: দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ১৪ দল একটি বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে গেলে জেলা কালেক্টর ভবনের প্রধান গেটে পুলিশ তালা ঝুলিয়ে দেয়। পরে নির্বাচন কমিশন কার্যালয়ের পাশের রাস্তায় সমাবেশ করেন তারা। মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, ইকবাল হোসেন খান প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচন অফিস ঘেরাওকালে পুলিশের সাথে মারামারিতে ১৪ দলের পাঁচ নেতাকর্মী আহত হন। জেলা আওয়ামী লীগের দুটি দল পৃথক মিছিল নিয়ে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন।

নরসিংদী: সকালে ১৪ দলের একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন অফিস ঘেরাও করতে গেলে জেলা প্রশাসকের গেটে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হলে গেটেই ঘেরাও কর্মসূচী এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, মতিন ভ্ঞুা, জহিরুল হক মোহন প্রমুখ।

টাঙ্গাইল: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামসুর রহমান ফারুক, সুভাষ চন্দ্র, আনোয়ার হোসেন প্রমুখ।

রাজবাড়ী: জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ১৪ দল এক বিরাট বিক্ষোভ মিছিল নিয়ে সকাল ১১টায় নির্বাচন অফিস ঘেরাও করে। তারা সেখানে দুপুর ১টা পর্যন্ত অবস্থান নেন। এসময় এক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ কাজী কেরামত আলী, অ্যাডভোকেট চিত্তরঞ্জন গুহ, পৌর চেয়ারম্যান মহম্মদ আলী চৌধুরী, জ্যোতি শংকর ঝন্টু প্রমুখ।