২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুতে পেলেন তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর ভালবাসা

চাঁপাইনবাবগঞ্জবাসীর অশ্র“সিক্ত ভালোবাসায় আইভরি কোস্টে নিহত ল্যান্স কর্পোরাল টিএ আব্দুস সাত্তারের জানাজা সম্পন্ন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বালিয়াঘাট্টার কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার দুপুরে হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ নেন। পরে পূর্ণ সামরিক মর্যাদায় শহরের দ্বারিয়াপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে আব্দুস সাত্তারের মরদেহ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হেলিপ্যাডে এসে পৌঁছায়। সেনাবাহিনীর একটি সমমানের দল কফিনটি প্রথমে গ্রহণ করে। বেলা ১১টায় মোটর শোভাযাত্রা করে কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়।

পৌণে ১২টায় নিহত সাত্তারের দ্বারিপুর বাসভবনে তার কফিন নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের বৃদ্ধা মা গোলেনূর বেওয়া ও স্ত্রী সাহিদা ইয়াসমিন বেলীর বুক ফাটা আর্তনাদে উপস্থিত লোকজন চোখের জল ধরে রাখতে পারেননি।

দুপুর ১২টা ০৫ মিনিটে দ্বারিয়াপুর গোরস্থানে দাফনের আগে সেনাবাহিনীর একটি চৌকষ দল তাঁকে সমাহিত করার পূর্বে শেষবারের মতো সামরিক অভিবাদন জানায়।

এসময় সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শেখ মনিরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ--৩ আসনের সাংসদ হারুনুর রশীদ, জেলা প্রশাসক ফাইজুল কবীরসহ উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দাফনের আগে নিহতের বড় ভাই মফিজউদ্দিনের কাছে জিওসি শেখ মনিরুজ্জামান জাতিসংঘের পতাকা, পরিচয়পত্র, ব্যাচ, ক্যাপ, জাতিসংঘের সনদ এবং মরহুমের স্ত্রীকে প্রদত্ত জাতিসংঘের মহাসচিব স্বাক্ষরিত একটি শোকবার্তা হস্তান্তর করেন।

প্রসঙ্গত, ল্যান্স কর্পোরাল টিএ আব্দুস সাত্তার জাতিসংঘ শান্তি মিশনের সদস্য হিসেবে আইভরি কোস্টে ২৫ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

মরহুম আব্দুস সাত্তার ১১ পদাতিক ডিভিশনের অধীন ৬ ফিল্ড আর্টিলারী রেজিমেন্টের ১২ নং সৈনিক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত মাসের ছেলে, বৃদ্ধা মা, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছয় ভাই এবং একবোনের মধ্যে তিনি ছিলেন বাবা--মায়ের পঞ্চম সন্তান।

নিহতের মা গোলেনূর বেগম (৬৫) বিডিনিউজকে জানান, ‘দেশ রক্ষার জন্য আমি আমার ছেলেকে সেনাবাহিনীতে দিয়েছিলাম। আমার ছেলে শহীদ হয়েছে। আমি আমার আরেক কলেজ পড়–য়া ছেলেকেও সেনাবাহিনীতে দিতে প্রস্তুত আছি’।