দেশে পৌঁছালো ছয় শান্তিরক্ষীর লাশ
ঠিক ১১ দিন আগে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন তারা। বাংলাদেশ থেকে বহু দূরে, অন্য এক মহাদেশে। জাতিসংঘের সার্বজনীন নীল সাদা পতাকার অংশ হয়ে লাল-সবুজকে গর্বের আসনে বসানোর প্রতিজ্ঞায় শান্তি রক্ষার মিশন নিয়ে দেশ ছেড়েছিলেন তারা। কথা ছিল যুদ্ধবিধ্বস্ত আইভরি কোস্টে মানুষগুলোকে নিরাপত্তা দেবেন। কিন্তু সে স্বপ্ন পূরণ তো দূরে থাক, কর্মস্থলে পৌঁছানোর আগেই লাশ হয়ে গেলেন এই বীরেরা।
নিহত সেনা সদস্যরা হলেন, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স কর্পোরাল এসএম মিরাজ আহমেদ, ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স কর্পোরাল আব্দুস সাত্তার এবং তিন সৈনিক আব্দুল হালিম, মো. কামরুজ্জামান খান, মো. শহিদ মিয়া ও মো. মিজানুর রহমান।
দেশ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনা মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যায় তাদের।
সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে জাতিসংঘের একটি বিশেষ বিমানে করে এরা এসে পৌঁছেন তাদের প্রিয় স্বদেশে। সরকারের পক্ষ থেকে তাদের লাশ গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে দাঁড়ানো বিমানটি থেকে জাতিসংঘ ও বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় ওই ছয় সেনা সদস্যের কফিন যখন নামিয়ে আনা হচ্ছিল তখন হঠাৎ করেই বৃষ্টি নামে। ভিজে যায় কফিনগুলো।
পররাষ্ট্রমন্ত্রী ফুল ছড়িয়ে কফিনগুলো গ্রহণ করেন।
এ সময় নিহত সেনাদের স্বজনদের পাশে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, উর্ধ্বতন সরকারী ও সেনা কর্মকর্তারা। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক কোঅর্ডিনেটর রেনাতা লোক ডেসালিয়েন।
নিহত সেনা সদস্য মো. কামরুজ্জামান খানের লাশ নিতে এসেছিলেন তার স্ত্রী হাসিনা আখতার। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে শুধুই কাঁদছিলেন তিনি। হাসিনা কামরুজ্জামানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ধনবাড়িতে থাকেন।
হাসিনা জানান, যৌথ পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন কামরুজ্জামান।
স্বামীর সাথে তার শেষ কথা হয়েছিল ২২ আগস্ট।
হার্টের অসুখে আক্রান্ত তিন বছরের ছেলেকে নিয়ে এখন কি করবেন তা নিয়েই বিলাপ করছিলেন হাসিনা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক কর্নেল আনিস বিডিনিউজকে জানান, নিহত সেনাদের লাশ সিএমএইচ এর মর্গে রাখা হবে। মঙ্গলবার সকালে এদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে। এরপর হেলিকপ্টারে করে নিহতদের লাশ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানো হবে।
আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত ৭১ জন বাংলাদেশী শান্তি রক্ষী বিদেশের মাটিতে নিহত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান জানান, জাতিসংঘ এদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে। তবে সরকার এদের কত ক্ষতিপূরণ দেবে তা তিনি সুনির্দিষ্টভাবে জানান নি।
আইভরি কোস্টে রাজধানী ইয়ামুসুক্রো থেকে আবিদজানের প্রধান শহরে যাওয়ার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বহনকারী একটি সামরিক ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেলে ২৫ আগস্ট এই ছয় সেনা সদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়।
আইভরি কোস্টে মোতায়েন করা জাতিসংঘ বাহিনীর ৩ হাজার ৫০০ সদস্যের মধ্যে বাংলাদেশের দলটিই সবচেয়ে বড় ।
২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার এ দেশটিতে গৃহযুদ্ধ চলে। ২০০৩ সালে আইভরি কোস্টে জাতিসংঘ বাহিনী মোতায়েন করা হয়। দেশটির উত্তর অংশ বিদ্রোহী এবং দক্ষিণ অংশ সরকার নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রিত ভূখণ্ডে ২৫ আগস্ট এ দুর্ঘটনা ঘটে।
