রাবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ওপর হাইকোর্টের রুল জারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ কেন অবৈধ নয় এই মর্মে রুল নিশি জারি করেছে হাইকোর্ট।
গত ৩১ আগস্ট সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসাইন এবং বিচারপতি মামুনুর রহমানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওই আদেশ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের ১০২ নং ধারার ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ কেন অবৈধ নয় এই মর্মে পাবনা, নওগাঁ ও রাজশাহীর আব্দুস শুকুর, গোলাম মোস্তফা, মোতাহের হোসেন, শাহিন উদ্দিন, ও গিয়াসউদ্দিন বাদী হয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।
আদালত রিট পিটিশনের শুনানী শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ--উপাচার্য, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে কারণ দর্শাও নোটিশ পাঠান।
আদালতে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট পংকজ কুমার কুণ্ডু।
হাইকোর্টের ওই আদেশের পর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সোমবার দুপুরে জরুরী বৈঠক করেন। তৃতীয় শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোক্তাদির হোসেন রাহি ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম বৈঠকের পর সাংবাদিকদের জানান, তারা তাদের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত।
