সাতক্ষীরায় এক বাংলাদেশীকে বিএসএফ এর অপহরণ
সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, আনোয়ার নামে এক বাংলাদেশী কৃষক শনিবার সকালে সীমান্ত সংলগ্ন মাঠে গরু চরানোর সময় বিএসএফ তাকে অপহরণ করে। তিনি বাংলাদেশ ভূখণ্ডের জিরোলাইনের কাছেই গরু চরাচ্ছিলেন। এ সময় বিএসএফ এর তেতুলবাড়ীয়া ক্যাম্প সদস্যরা তাকে গরুসহ অপহরণ করে।
পরে বিএসএফ তাকে চোরাচালান মামলায় আটক দেখায় বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এ প্রসঙ্গে বিডিআরের ৪১ রাইফেলস ব্যাটালিয়ন কর্মকর্তা ক্যাপ্টেন লুৎফর রহমান জানান, রুদ্রপুর সীমান্ত থেকে অপহৃত ওই কৃষকের নাম আনোয়ার হোসেন। সে কায়বা গ্রামের জয়নুল আবেদিনের পুত্র।
ক্যাপ্টেন লুৎফর আরো জানান, বিডিআর এর পক্ষ থেকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। সেইসঙ্গে তারা এ ব্যাপারে পতাকা বৈঠকেরও আহ্বান জানিয়েছে।
