রমজানে পানির সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হবে
ঢাকা ও চট্টগ্রামসহ ছয়টি বিভাগীয় শহরের নাগরিকদের পানির ঘাটতি কমিয়ে রমজান মাসে এর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ওয়াসার পাম্পগুলো প্রতিদিন অতিরিক্ত দু’ঘন্টা করে চালানো হবে।
এ ছাড়া রমজান মাসে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের চাকরি জরুরি ঘোষণার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্টদের শিফটভিত্তিক কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ত:মন্ত্রণালয় সভায় আজ রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।
এতে সচিব, ঢাকা ও চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে বিভিন্ন এলাকায় পানির চাহিদা পূরণে পূরনো পাম্পের পাশাপাশি নতুন পাম্প স্থাপন এবং প্রয়োজনীয় সংস্কার করা হবে। পানির যথাযথ উৎপাদনে বিদ্যুতের সম্ভাব্য সংকট মেটাতে জরুরি প্রয়োজনে জেনারেটর ব্যবহার করা হবে।
এছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে নতুন প্লাস্টিকের ট্যাংকে পানি রাখা হবে। জরুরি প্রয়োজনে নগরবাসী সেখান থেকে পানি সংগ্রহ করতে পারবে। চাহিদা পূরণে এক হাজার ৫০০ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন ১২টি ট্রলি এবং ২২টি পানির গাড়ি সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হেদায়েতউল্লাহ আল মামুন জানান, বর্তমানে ঢাকা মহানগরীতে প্রতিদিন পানির চাহিদা ১৯০ কোটি লিটার। ওয়াসার ৪৪৫টি পাম্প ও চারটি পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন বিশুদ্ধ পানির উৎপাদন বর্তমানে প্রায় ১৬০ থেকে ১৭০ কোটি লিটার। ফলে প্রতিদিনই ২০ থেকে ৩০ কোটি লিটার পানির ঘাটতি থাকে।
তিনি জানান, প্রতিদিন দু’ঘন্টা করে অতিরিক্ত পাম্পগুলো উৎপাদনে থাকলে রমজান মাসে পানির সংকট অনেকাংশে কমে আসবে। এক্ষেত্রে বিদ্যুত সংকট একটি প্রধান সমস্যা হতে পারে। সেজন্য বর্তমানে ওয়াসার ২৬৬টি জেনারেটর রয়েছে। এর মধ্যে ৩০টি ভ্রাম্যমাণ জেনারেটর রয়েছে, জরুরি প্রয়োজনে যা বিভিন্ন পাম্পে বিদ্যুতের সংকট মেটাবে।
