২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অর্ধশতাধিক, ১ম লিড

ফরিদপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী ও চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরসহ আটজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ফরিদপুর ও কলাপাড়া থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, ঢাকা - বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ঢাকার সায়েদাবাদ থেকে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। পরে ঐ বাসটিকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। 

নিহতরা হচ্ছেন, কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মা ফজিলাতুন্নেছা বেগম (৮০), বাসের সুপারভাইজার মামুন (৪০), লতিফা বেগম (৬০) ও অজ্ঞাত পরিচয় এক যুবক (৩৫)।

এ ঘটনায় অর্ধশত আহত হয়। গুরুতর আহত বাবুল, সোহেল, এরশাদ, নিলুফার, শাহজাহান ও রনিকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ - ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার মুকসেদপুরে মোস্তফা কামাল (১২) নামে এক কিশোর ঠেলাগাড়ি বোঝাই লাকড়ি নিয়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৪৫২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা ঘাতক ট্রাক চালক আব্দুল কুদ্দুস ও হেলপার সোনা মিয়াকে আটক করে থানায় সোপর্দ করে।

অপরদিকে কিশোরগঞ্জ - করিমগঞ্জ সড়কে সকাল ১০ টার দিকে আবুল (৪০) নামে এক সাইকেল আরোহীকে করিমগঞ্জগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, দৌলতদিয়া--খুলনা মহাসড়কের রাজবাড়ী মোড়ে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় তেলবাহী লরীর নিচে চাপা পড়ে আজাদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

নিহত আজাদ গোয়ালন্দের বেপারীপাড়া গ্রামের মো. নুরউদ্দিন বিশ্বাসের ছেলে।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে অসংখ্য গাড়ি আটকে গেলে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হলে সাড়ে ১০ টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ লরী চালককে আটক করেছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলার নন্দীপুর ইউনিয়নের তেঁতুলতরা গ্রামে রহনপুর - সাহাপুর সড়কে ধান শুকানোর সময় একটি দ্রুতগামী ভুটভুটির ধাক্কায় সকালে বড়লা বিবি (৫৫) নামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।