বঙ্গবাজার হকার্স মার্কেটে সশস্ত্র সংঘর্ষ, আহত ১০
নগরীর বঙ্গবাজার হকার্স মার্কেটে শুক্রবার সকালে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুরনো ও নতুন কমিটির দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পরিচালনা কমিটির বার্ষিক সাধারণ সভা চলাকালে প্রতিপক্ষ দুই দল আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে আক্রমণ -- প্রতি আক্রমণে জড়িয়ে পড়ে। এতে সভায় উপস্থিত কমপক্ষে ১০ সদস্য আহত হয় এবং সভা পণ্ড হয়ে যায়।
সূত্র জানায়, বার্ষিক সাধারণ সভায় মার্কেট কমিটির সভাপতি হুমায়ুন কবির মোল্লা কমিটির সদস্যদের ছাড়া বাকিদের সভাস্থল ত্যাগ করার আহ্বান জানান। এ সময় পুরনো কমিটির সদস্যরা সভাস্থল ছেড়ে যেতে না চাইলে দুই গ্রপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
রুহুল আমিন (৪৫), আজম (৩৫), রতনচন্দ্র (৩২), রফিকুল ইসলাম (৩৫) ও আওলাদ হোসেন (৪০) আহত এ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; তবে তাদের কারো আঘাতই গুরুতর নয়।
রমনা থানার একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, বর্তমান মার্কেট পরিচালনা কমিটির সঙ্গে পুরনো কমিটির দ্বন্দ্বের জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি জানান, এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করা হলেও বঙ্গবাজার হকার্স মার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
